স্টাফ রিপোর্টার:
জেলখানা ঘাটে ট্রলার ডুবি ও বহু যাত্রী নিখোঁজের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সাজিদুল ইসলাম বাপ্পি।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাপ্পি জানান, মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নির্দেশনায় খুলনা জেলা ও মহানগর এনসিপি এবং দলের সকল অঙ্গসংগঠন উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তায় যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
বাপ্পি বলেন, ইতোমধ্যে এনসিপির একাধিক টিম ঘটনাস্থলে সরেজমিনে কাজ করছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। একই সঙ্গে জেলখানা ঘাট, রূপসা ঘাটসহ খুলনার বিভিন্ন ঘাটে বিদ্যমান অব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
নিখোঁজ যাত্রীদের দ্রুত ও নিরাপদে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সর্বোচ্চ তৎপরতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এনসিপির এই নেতা।
উদ্ধার কার্যক্রমে সহযোগিতার জন্য তামিম হাসান লিওনের মোবাইল নম্বর এবং আহতদের যেকোনো সহায়তার জন্য মহরম হাসান মাহিমের যোগাযোগ নম্বরও তার পোস্টে দেওয়া হয়েছে।
মর্মান্তিক এই ঘটনায় নিখোঁজদের স্বজনদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে তারা রয়েছেন।
শেষে তিনি নিখোঁজ সকল যাত্রীকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

