স্পোর্টস ডেস্ক:
এশিয়ান গেমস ক্রিকেটে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাপানের আইচি ও নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমস সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে রাখা হয়েছে জাতীয় দলের একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে।
বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা সফরে আজই ট্রিপল সেঞ্চুরি করে আলোচনায় আসা হৃদয়কে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দিয়েছে বিসিবি।
দলে আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। প্রায় ১৬ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। সর্বশেষ ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন শান্ত।
এশিয়ান গেমসের দলে অবশ্য জায়গা হয়নি জাতীয় দলের তিন অভিজ্ঞ ক্রিকেটার—নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের। তাঁদের বাইরে রেখে দল সাজিয়েছে বিসিবি।
জাপানের কোরোগি স্পোর্টস পার্কে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তবে ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
এদিকে এশিয়ান গেমসের জন্য আগেই পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই ধারাবাহিকতায় বাংলাদেশও শক্তিশালী দল নিয়ে এশিয়ান গেমসে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, ইয়াসির আলী, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী, নাসুম আহমেদ, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

