স্পোর্টস ডেস্ক:
জাম্বিয়ায় আয়োজিত বিতর্কিত ‘এশিয়ান লিজেন্ডস লিগ’-এ অংশ নেওয়াকে কেন্দ্র করে পাকিস্তানের একঝাঁক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারকে কঠোর সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসির অনুমোদন ছাড়া অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলায় সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বোর্ড। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের দুই বছর পর্যন্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
পিসিবির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আইসিসির বিদ্যমান নীতিমালা অনুযায়ী বিদেশে কোনো ফ্র্যাঞ্চাইজি বা বাণিজ্যিক টুর্নামেন্টে অংশ নিতে হলে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া বাধ্যতামূলক। কিন্তু ‘এশিয়ান লিজেন্ডস লিগ’ আইসিসির অনুমোদন পায়নি, এমনকি আয়োজক দেশ জাম্বিয়ার ক্রিকেট ইউনিয়নও এই প্রতিযোগিতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
বোর্ডের অনুমতি ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়ায় সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে শুধু বিদেশি লিগে খেলার এনওসি বন্ধই নয়, নিষেধাজ্ঞার সময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কিংবা পিসিবির অধীন কোনো কার্যক্রমে কোচ, মেন্টর বা পরামর্শক হিসেবে কাজ করার সুযোগও হারাতে পারেন তারা।
পিসিবি আরও জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের শৃঙ্খলা রক্ষায় আইসিসির বিধিমালা মেনে চলা সব ক্রিকেটারের দায়িত্ব। এসব নিয়ম লঙ্ঘিত হলে শুধু খেলোয়াড়ই নয়, প্রয়োজনে সংশ্লিষ্ট বোর্ডকেও জবাবদিহির মুখোমুখি হতে হতে পারে।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই শুরু হওয়া ছয় দলের এই প্রতিযোগিতায় ‘পাকিস্তান প্যান্থার্স’ দলে খেলছেন পাকিস্তানের একসময়ের তারকা ক্রিকেটাররা। স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, কামরান আকমল, উমর আকমল, শারজিল খান, ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভীর, ইয়াসির শাহ, রাহাত আলী ও মোহাম্মদ ইরফানের মতো পরিচিত মুখ। তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই মাঠে নেমেছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, একই টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাবেক অনেক ক্রিকেটার অংশ নিলেও এখন পর্যন্ত কঠোর অবস্থান নিয়েছে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে সাবেক তারকাদের এই অংশগ্রহণ এখন শুধু একটি বিতর্কিত লিগ নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম ও বোর্ডের কর্তৃত্ব নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

