রাজনীতি ডেস্ক:
জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ এবং দলের নেতাকর্মীদের নিয়ে মোনাজাতে অংশ নেন তিনি। এর আগে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানান বিএনপির এই নেতা।
দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।
এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও প্রথমবারের মতো অংশ নেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। অধিবেশনে তিনি বক্তব্যও দেন।
সংসদীয় কার্যক্রম শেষে সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের সময় দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

