রাজনীতি ডেস্ক:
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল-সমর্থিত প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি।
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে এনসিপি। আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে দলটি এগোচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় দল-সমর্থিত প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে। পাশাপাশি পাঁচটি সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীদের নামও সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সারজিস আলম বলেন, দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে এনসিপি-সমর্থিত প্রার্থীদের নাম আগামী নভেম্বরের মধ্যে ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে। বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এনসিপি-সমর্থিত প্রার্থী থাকবে।’
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের বাছাই ও সংগঠনকে নির্বাচনের জন্য প্রস্তুত করার কাজ চলছে।

