মোংলা প্রতিনিধি
ফেসবুকে আপত্তিকর পোস্ট ও ভিডিও ছড়িয়ে এক নারী বিউটিশিয়ানকে মানসিকভাবে হয়রানি ও ব্ল্যাকমেইল করে আত্মহত্যার চেষ্টার দিকে ঠেলে দেওয়ার অভিযোগে রেজা মাসুদ ওরফে মাসুদ রানা নামের এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে সাইবার সুরক্ষা আইনে মামলা রেকর্ডের পর বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মোংলা পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রেজা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে তাকে বাগেরহাট আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট ও ভিডিও প্রকাশ করে ওই নারী বিউটিশিয়ানকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে হয়রানি ও ব্ল্যাকমেইল করা হচ্ছিল। গত ২৮ জুলাই তার বিরুদ্ধে একের পর এক পোস্ট ও ভিডিও ছড়িয়ে দেওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরে আদালতের নির্দেশে মোংলা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি রেকর্ড করা হয়। মামলায় রেজা মাসুদসহ তিনজনকে আসামি করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার রেজা মাসুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দেওয়া এবং ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে রেজা মাসুদ গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় কয়েকজন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন। তারা এলাকায় মিষ্টি বিতরণ করেন বলেও জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

