রাজনীতি ডেস্ক:
সরকারের বিরুদ্ধে নয়, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্য জোট লংমার্চ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গোলাম পরওয়ার বলেন, লংমার্চে অংশ নিতে গাড়িবহরের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার গাড়ি এতে অংশ নেবে বলে তারা আশা করছেন। তিনি বলেন, ‘এই কর্মসূচি সরকার পতনের জন্য নয়। গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ দূর করার লক্ষ্যে ১১ দলীয় জোট নিয়মতান্ত্রিক ও গঠনমূলকভাবে লংমার্চ পালন করবে।’
তিনি জানান, শুক্রবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। এরপর পূর্বনির্ধারিত বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। পরে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা কামনা করে জামায়াতের এই নেতা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বিরোধী দল জনগণের দুর্ভোগ লাঘবে সংসদের ভেতরে ও বাইরে নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের বৃহত্তম শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা দেওয়া উচিত। এর মাধ্যমে সরকার জনগণের আস্থা ধরে রাখতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

