খুলনা প্রতিনিধি:
খুলনার দিঘলিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনারুল খামারি (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হাজীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আনারুল খামারি দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত সাদেক খামারির ছেলে।
পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে দিঘলিয়া থানাধীন হাজীগ্রাম মিনি স্টেডিয়ামসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে সিয়াম শেখ (২০) নামে এক ব্যক্তিকে এক পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম ওই ইয়াবা হাজীগ্রাম এলাকার আনারুল খামারির কাছ থেকে কিনেছেন বলে পুলিশকে জানান।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তাদের নির্দেশনা অনুযায়ী ভোর সাড়ে ৫টার দিকে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে সেনহাটি পুলিশ ক্যাম্প ও দিঘলিয়া থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে হাজীগ্রাম এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে আনারুল খামারির হেফাজত থেকে দুটি নীল রঙের প্যাকেটে থাকা ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা জেলা পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের বিশেষ নির্দেশনায় মাদকের ভোক্তা ও খুচরা বিক্রেতাদের সূত্র ধরে মাদকের উৎস শনাক্ত এবং সরবরাহব্যবস্থার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কৌশল নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মাদক ব্যবসায়ীদের নেটওয়ার্ক শনাক্ত ও বিচ্ছিন্ন করতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

