রাজনীতি ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গত ছয় মাসে দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটি পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কুমিল্লায় পৌঁছালে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে এ লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা রাস্তায় অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাদের গাড়ি থামাচ্ছে, আমাদের সঙ্গে কুশল বিনিময় করছে এবং নিজেদের সমস্যার কথা বলছে। মানুষের ঘরে বিদ্যুৎ, গ্যাস ও তেল নেই। মানুষ কাজ পাচ্ছে না।’
তিনি বলেন, ‘এই সরকারের ওপর মানুষ বিরক্ত। এই সরকার দেশ পরিচালনায় বিগত ছয় মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যা প্রতিশ্রুতি দিয়েছে, কিছুই পূরণ করতে পারেনি।’
লংমার্চের কর্মসূচি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এই লংমার্চ ছয়টা দাবিতে। আজকে লংমার্চে আমরা এসেছি। হয়তো খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব। আপনারা সেখানে যাবেন।’
তিনি আরও বলেন, ‘যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা ঢাকায় এসেছি, ঠিক একইভাবে ঢাকায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।’

