ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজ থেকে সার নিতে যান স্থানীয় কৃষকেরা। তবে ডিলারের পক্ষ থেকে সার দিতে অস্বীকৃতি জানানো হলে ক্ষুব্ধ কৃষকেরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
ব্রাহিমপুর গ্রামের কৃষক আলিমুল ইসলাম বলেন, ‘সারের জন্য সকাল থেকে ডিলারের দোকানের সামনে আমরা অবস্থান করছিলাম। সকাল ১০টার পর ডিলারের কর্মচারীরা এসে জানান, আজ কৃষকদের সার দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘সার না দেওয়ায় আমরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করি। প্রায় এক ঘণ্টা পর উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের লোকজন এসে সার দেওয়ার আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নিই।’
খবর পেয়ে শৈলকুপা উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে কৃষকদের সার দেওয়ার ব্যবস্থা করা হলে তাঁরা সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। সার দেওয়া শুরু হলে কৃষকেরা অবরোধ তুলে নেন।’

