খুলনা ব্যুরো:
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সভায় সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও গৌরবময় অধ্যায়। এই আন্দোলন সত্য, ন্যায়, দেশপ্রেম, সাহস, মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, ইতিহাসের এই আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, বরং দেশপ্রেম, নেতৃত্ব, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম প্রধান ক্ষেত্র। তাই শিক্ষার্থীদের জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ ধারণ করে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, সহকারী অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, শিক্ষার্থীদের প্রতিনিধি ইউসুফ খান (আইইএম, ২১ ব্যাচ), সাফওয়ান আহমেদ ইফাজ (ইসিই, ২২ ব্যাচ) ও সিওফ আহমেদ (লেদার ইঞ্জিনিয়ারিং, ২৩ ব্যাচ)। এছাড়া বক্তব্য দেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মো. মঈনুল হক, কর্মকর্তা সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জালাল মুন্সি, প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইমদাদুল হক এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিরা।
দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত উন্নয়ন প্রত্যাশা করে বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

