নিজেস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন। চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির এটি সর্বোচ্চ সংখ্যা।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। এর আগে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।
এ ছাড়া ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর এ রোগে প্রাণ হারিয়েছিলেন ৫৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তির সংখ্যাও নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

