খুলনা ব্যুরো:
খুলনা বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬০ জনে। মোট মৃত্যু হয়েছে ২৫ জনের।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৪২ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২০৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে এবং একজন বাগেরহাটে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি—৩৮০ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮০ জন, বাগেরহাটে ১০৮ জন এবং যশোরে ৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিভাগের অন্যান্য জেলায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৬৬০ জনের মধ্যে ৬ হাজার ৫৭৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া ১৭৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
এদিকে, চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গুতে মারা যাওয়া ২৫ জনের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া খুলনা জেলার অন্যান্য হাসপাতালে দুজন, বাগেরহাটে দুজন এবং যশোরে একজনের মৃত্যু হয়েছে।
কেসিসি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এডিস মশার কামড় থেকে সুরক্ষার জন্য বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
চিকিৎসকেরা বলছেন, জ্বরসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে পরীক্ষা ও চিকিৎসা নেওয়া উচিত।

