রাজনীতি ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর মতো সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া উচিত নয়। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সংস্কার করা প্রয়োজন।
বুধবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০-এর দশক নিয়ে একটি ট্রেন্ড শুরু হয়েছে। এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি, সরকার ইতিবাচকভাবে ট্রেন্ডের সঙ্গে থাকুক। পুরো পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, সেটাই সবার প্রত্যাশা।’
সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর ২০০ এবং বিসিএসে ৫০ করা উচিত। নির্বাচনের আগে ভাইভা পরীক্ষার নম্বর নিয়ে যে অবস্থান নেওয়া হয়েছিল, সরকারে এসে তার বিপরীতমুখী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘এরকম কাজ ভুলেও করতে যাবেন না। কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছেন, আর ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না। ফলে রাজনৈতিক কারণে এ ধরনের হুটহাট সিদ্ধান্ত নেবেন না।’
তিনি বলেন, কোনো সংস্কারের পক্ষে সরকারের কাছে যথাযথ যুক্তি থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা উচিত। এরপর যৌক্তিক সংস্কার করা হলে তাতে তাঁরাও সমর্থন করবেন।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর দুই বছর অতিবাহিত হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের পর এখন নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে। নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন করতে পেরেছে, তা জনগণই বিচার করবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, দলের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব এসএম ওয়াহেদুর রহমান। সভা শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।

