খুলনা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও সাধারণ মানুষকে সচেতন করতে খুলনা মহানগরীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫ নম্বর ওয়ার্ড শাখা। খুলনা মহানগরী আমীর ও জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মাদ মাহফুজুর রহমানের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী সোনাডাঙ্গা থানার সেক্রেটারি ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মো. জাহিদুর রহমান নাঈমের নেতৃত্বে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি ও খ্রিষ্টানপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি দিনের বেলাতেও প্রয়োজন অনুযায়ী মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্যও উৎসাহিত করা হয়।
একই সঙ্গে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে জামায়াতে ইসলামী ২৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

