রাজনীতি ডেস্ক:
বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা ফেসবুকে দেওয়া বিভিন্ন বক্তব্য ও সংসদে তার সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি মন্তব্য করেছেন, রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়। যখন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্ট আর রুমিন ফারহানা আপার ফেসবুক পোস্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তখন বলতেই হয়, জাতীয় সংসদে আওয়ামী লীগের একমাত্র যোগ্য প্রতিনিধি রুমিন ফারহানা আপা।’
রাশেদ খান আরও মন্তব্য করেন, রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য তার অতীত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তার দাবি, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া বক্তব্যেরই ‘ফটোকপি’ তিনি সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে উত্থাপন করেছেন।
জামায়াতের আমির রুমিন ফারহানার বক্তব্যকে উৎসাহ দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন রাশেদ খান। একই সঙ্গে সংসদে জামায়াতের সংসদ সদস্যদের সাম্প্রতিক আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাশেদ খান বলেন, কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যের সময় জামায়াতের ৯০ জন সংসদ সদস্য যেভাবে হট্টগোল করেছিলেন, তা ভুলে গেলে চলবে না। নিজেদের সূচনা করা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা বেমানান বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ মূলত নিজেদের দিকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ওই সরকারের কৃষিমন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেটি ছিল বিএনপি-জামায়াতের জোট সরকার এ কথাও পোস্টে উল্লেখ করেন তিনি।
রাশেদ খান আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আব্দুল্লাহ এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানারা ‘আওয়ামী বয়ানের পক্ষে জোট’ বেঁধেছেন বলে মনে হচ্ছে।
পোস্টের শেষাংশে রুমিন ফারহানার অতীত বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান প্রশ্ন করেন, জাতীয় নির্বাচনের আগে রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন এ বিষয়টি কি জাতি ভুলে গেছে?
তবে রাশেদ খানের এসব মন্তব্যের বিষয়ে রুমিন ফারহানা বা সংশ্লিষ্ট অন্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

