এম সাইফুল ইসলাম
মাত্র ৫ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন ব্যবসা। সময়ের সঙ্গে সেই ছোট উদ্যোগই এখন পরিচিতি পেয়েছে ‘ফ্যাশন ভাইবস্’ নামে। বর্তমানে মাসে ৫০ হাজার টাকার বেশি আয় করছেন উদ্যোক্তা সাদিয়া জেসমিন জেরিন। ভবিষ্যতে নিজের প্রতিষ্ঠানকে ‘সেইলর’ কিংবা ‘ইজি’র মতো একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।
খুলনা নগরীর বয়রা এলাকার বাসিন্দা সাদিয়া জেসমিন জেরিন প্রায় সাত বছর আগে ‘ফ্যাশন ভাইবস্’ নামে তার ব্যবসা শুরু করেন। অল্প পুঁজি, নিজের আগ্রহ ও পরিশ্রমকে পুঁজি করে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়েছেন তিনি।
‘ফ্যাশন ভাইবস্’-এ পাওয়া যায় হাতের তৈরি থ্রি-পিস, টু-পিস, হ্যান্ডমেড শাড়ি, কসমেটিকস, বিভিন্ন ধরনের ড্রেস, জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, হোম ডেকর সামগ্রী ও ক্যান্ডেলসহ নানা ধরনের পণ্য। অনলাইনভিত্তিক ব্যবসার পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের বৈচিত্র্য বাড়ানোর চেষ্টা করছেন সাদিয়া।
সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি ব্যবসাকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জও রয়েছে তার। সাদিয়ার আট বছরের একটি সন্তান রয়েছে। তার স্বামী একজন পুলিশ কর্মকর্তা। পারিবারিক দায়িত্বের পাশাপাশি নিজের উদ্যোগকে প্রতিষ্ঠিত করতে নিয়মিত সময় ও শ্রম দিয়ে যাচ্ছেন তিনি।
সাদিয়া জেসমিন জেরিন বলেন, “মাত্র ৫ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। ধীরে ধীরে ক্রেতাদের আস্থা অর্জন করেছি। এখন মাসে ৫০ হাজার টাকার বেশি আয় হচ্ছে। আমার স্বপ্ন ‘ফ্যাশন ভাইবস্’কে একটি বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা।”
তিনি মনে করেন, বর্তমানে অল্প পুঁজিতেও উদ্যোক্তা হওয়া সম্ভব। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসেই ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে। তবে অনলাইন ব্যবসার ক্ষেত্রে কিছু অসৎ ব্যবসায়ীর কর্মকাণ্ডের কারণে ভালো উদ্যোক্তাদেরও অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
সাদিয়া বলেন, “অনলাইনে অসৎ ব্যবসায়ীদের কারণে ভালোভাবে ব্যবসা করা উদ্যোক্তাদেরও অনেক সময় দায় নিতে হয়। এতে ক্রেতাদের আস্থার সংকট তৈরি হয়। তাই অনলাইন ব্যবসায় সততা ও দায়িত্বশীলতা খুবই গুরুত্বপূর্ণ।”
নিজের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, ব্যবসা শুরু করার জন্য বড় মূলধনের চেয়ে প্রয়োজন আত্মবিশ্বাস, ধৈর্য ও ক্রেতার প্রতি দায়িত্বশীলতা। ছোট পরিসর থেকে শুরু করে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়ানো সম্ভব।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাদিয়া জেসমিন জেরিন বলেন, “ফ্যাশন ভাইবস্কে শুধু একটি অনলাইন শপ হিসেবে নয়, একটি পূর্ণাঙ্গ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। ভবিষ্যতে দেশের পরিচিত ব্র্যান্ডগুলোর মতো ‘ফ্যাশন ভাইবস্’-এর নিজস্ব পরিচিতি তৈরি করতে চাই।”
মাত্র ৫ হাজার টাকা পুঁজি থেকে শুরু করে সাত বছরের পথচলায় মাসে ৫০ হাজার টাকার বেশি আয়ে পৌঁছানো সাদিয়ার গল্পটি অল্প পুঁজিতে উদ্যোক্তা হতে আগ্রহীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

