খুলনা প্রতিনিধি:
খুলনার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে মো. জলিল মুন্সি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান বটতলা এলাকায় একটি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সি দৌলতপুর থানার সাধুবাগান এলাকার দিলুর মুন্সির ছেলে। তিনি পেশায় পাটশ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলিবাগান এলাকায় জলিলের বাবার একটি পানের দোকান রয়েছে। শনিবার সকালে সেখানে যাওয়ার উদ্দেশ্যে এক যুবককে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন জলিল। সকাল পৌনে ৮টার দিকে পথে তাঁর মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কথা বলার সময় তাঁর সঙ্গে তর্ক হয়।
পরে কুলিবাগান বটতলা থেকে কিছুটা দূরে একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তির সঙ্গে জলিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে একজন জলিলকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। গুলি দুটি তাঁর বুকের ডান পাশে ও পিঠের বাম পাশে বিদ্ধ হয়।
গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।

