রাজনীতি ডেস্ক:
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩টি সিটি করপোরেশনে এককভাবে মেয়র প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয় জামায়াতের সুপারিশ ও দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে ইতোমধ্যে এসব সিটিতে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করেছে দলটি। কোথাও প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, আবার কোথাও নীতিগতভাবে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে এগিয়ে রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির আওতায় খাল পরিষ্কারের উদ্যোগসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রথম পছন্দ হিসেবে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দক্ষিণ সিটিতে তরুণ ভোটারদের সমর্থন আদায়ের কৌশল নিয়েছে দলটি।
চট্টগ্রাম সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কাউন্সিলর।
বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
খুলনা সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমানের নাম আলোচনায় রয়েছে। স্থানীয় পর্যায়ের সুপারিশ ও দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এ দুজনের মধ্য থেকে প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
রংপুর সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় জোটগত আসন সমঝোতার স্বার্থে তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছিল বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে মেয়র পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারকে মেয়র পদে মনোনীত করা হয়েছে। গত ১৯ জুন নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনীত করেছে জামায়াতে ইসলামী।
কুমিল্লা সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির মোসলেহ উদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লোকমান আহমদ এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় সংকেত দেওয়া হয়েছে।
এদিকে, ২১টি ওয়ার্ড নিয়ে নতুন গঠিত বগুড়া সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করে প্রস্তুতি শুরু করেছে জামায়াত। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এ সিটিতে সরকারি আজিজুল হক কলেজের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আ.খ.ম. আব্দুল মালেককে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। স্থানীয়ভাবে পরিচিত ও সাংগঠনিকভাবে সক্রিয় এই নেতাকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।
জামায়াতের এ উদ্যোগ বাস্তবায়িত হলে ১৩টি সিটি করপোরেশনেই দলটির নিজস্ব মেয়র প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে নির্বাচনী তফসিল ঘোষণা এবং চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ার সময় প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে।

