মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জাহিদুল ইসলাম হাওলাদার (২০) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ পাওয়ার ঘটনাটি সাজানো বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। জাহিদুলের মা, বাবা, ভাইসহ স্থানীয়দের অভিযোগ, তাঁকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ছোটবাদুরা গ্রামে জাহিদুলের কবরের পাশে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে, শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে জাহিদুলের মরদেহ তাঁর বাড়ির অদূরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই সময় জাহিদুলের মুখে বিষ ছিল এবং ঘটনাটি রহস্যজনক বলে জানায় থানা পুলিশ।
মানববন্ধনে জাহিদুলের মা আছিয়া বেগম, বাবা মনিরুল ইসলাম, ভাই সাইফুল হাওলাদার, চাচা জামাল হাওলাদার, সহপাঠী আসিফ শেখ, পল্লিচিকিৎসক জাহিদুল ইসলাম, প্রতিবেশী আমিরন বেগম, মরিয়ম বেগমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
তাঁরা বলেন, জাহিদুল চট্টগ্রামে একটি দোকানে চাকরি করতেন। সেখান থেকে পার্শ্ববর্তী জিয়ানগর উপজেলার এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়ানোর অভিযোগে কয়েক দিন আগে তাঁকে এলাকায় এনে পরিকল্পিতভাবে হত্যা করে মুখে বিষ ঢেলে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাঁদের দাবি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, জাহিদুলের মৃত্যুকে ঘিরে নানা কথা শোনা যাচ্ছে। তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

