বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

নেইমারের অধ্যায় শেষ, ‘তার কোনো বিকল্প নেই’: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন নেইমার। আবেগঘন এক সাক্ষাৎকারে ব্রাজিলের কিংবদন্তি এই ফরোয়ার্ড জানিয়েছিলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্নের এখানেই ইতি ঘটেছে। এরপর থেকেই তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছিল। তবে সেই সম্ভাবনারও এবার অবসান ঘটালেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, ‘এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’

২০১০ সালে নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নেইমারের। সেই মাঠেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি। তবে অবসরের ঘোষণা দেওয়ার পরও অনেকের ধারণা ছিল, বিশ্বকাপে না খেললেও জাতীয় দলের হয়ে হয়তো আরও কিছুদিন মাঠে দেখা যেতে পারে ৩৪ বছর বয়সী এই তারকাকে। এমনকি তার শেষ ম্যাচটি ব্রাজিলের জার্সিতে হতে পারে বলেও আলোচনা ছিল।

নেইমারের বাবা নেইমার সিনিয়রের কিছু বক্তব্যেও এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন সান্তোসের এই ফরোয়ার্ড। কিন্তু শেষ পর্যন্ত সে সম্ভাবনা আর বাস্তবে রূপ নিচ্ছে না।

ব্রাজিলের কোচ আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় দলে নেইমারের অধ্যায় শেষ। একই সঙ্গে তিনি বলেছেন, নেইমারের মতো একজন খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয়।

সিএনএন ইস্পোর্টসকে আনচেলত্তি বলেন, ‘যোগ্যতার কারণে সেখানে (২০২৬ বিশ্বকাপে) তার জায়গা প্রাপ্যই ছিল। নেইমার ইতিমধ্যেই নিশ্চিত করেছে, সে জাতীয় দলে ফিরতে চায় না। নেইমারের রিপ্লেস অসম্ভব, কারণ সে ছিল এক অসাধারণ ও অনন্য প্রতিভার অধিকারী। এক কথায়, তার বিকল্প নেই।’

নেইমারের বিদায়ের পর এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ব্রাজিল দলকে সাজাতে চান আনচেলত্তি। বিশেষ করে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ খেলোয়াড়দের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।

আনচেলত্তির মতে, ধাপে ধাপে এগিয়ে গিয়ে আগামী দিনের তারকাদের তৈরি করতে হবে। ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া খেলোয়াড়দের পাশাপাশি ২০০৮ সালে জন্ম নেওয়া প্রতিভাবানদেরও নজরে রাখতে চান তিনি।

ব্রাজিল কোচ বলেন, ‘আমার মনে হয়, আমাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়া দরকার। এই মুহূর্তে এমন তরুণ খেলোয়াড়দের ওপর জোর দিতে হবে, যারা আগামীর তারকা—বিশেষ করে ২০০৪, ২০০৫ এবং ২০০৬ সালে জন্মানো খেলোয়াড়রা। এ ছাড়া ২০০৮ সালে জন্মানো বেশ কিছু দারুণ যোগ্যতাসম্পন্ন তরুণ খেলোয়াড় রয়েছে, যারা এখনো খেলছে না, কিন্তু খেলার মতো ক্ষমতা তাদের আছে।’

তরুণদের বয়স ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে এখনই তাদের জাতীয় দলের পরিকল্পনায় আনার সময় এসেছে বলেও মনে করেন আনচেলত্তি। অভিজ্ঞ খেলোয়াড়দের গুরুত্ব স্বীকার করলেও ভবিষ্যৎ দল গঠনে তারুণ্যকেই অগ্রাধিকার দিতে চান তিনি।

তার ভাষায়, ‘এটা সত্যি, একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও চমৎকার খেলতে পারেন। তবে এখন তরুণদের প্রাধান্য দেওয়ার সময় এসেছে।’

নেইমারের বিদায়ে ব্রাজিল ফুটবলের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। জাতীয় দলের হয়ে দীর্ঘদিনের সাফল্য, রেকর্ড ও অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যের পর এবার তার উত্তরসূরি খোঁজার চ্যালেঞ্জই সামনে আনচেলত্তির।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493