ন্যাশনাল ডেস্ক:
দিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ঘটনায় তার জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান পরিস্থিতিতে সাকিবের জাতীয় দলে ফিরে খেলার সুযোগ দেখছেন না তিনি। তার ভাষ্য, একজন ক্রিকেটার হিসেবে সাকিব যে অবস্থানে ছিলেন, সেখান থেকে সরে এসে তিনি রাজনৈতিক পরিচয়কে সামনে এনেছেন। ফলে দেশে ফিরে জাতীয় দলের জার্সিতে তাকে দেখা কঠিন হবে বলে মনে করেন তিনি।
আমিনুল হক আরও বলেন, দেশে ফিরলে সাকিবকে প্রচলিত আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তিনি দাবি করেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিবের প্রতি অনেক সহনশীলতা দেখানো হয়েছিল। তবে সাম্প্রতিক কর্মকাণ্ডের পর তাকে ফিরিয়ে আনার মতো কোনো সুযোগ বা পরিবেশ রয়েছে বলে তিনি মনে করেন না। তার মতে, স্বৈরাচার হিসেবে আখ্যায়িত রাজনৈতিক নেতৃত্বের মঞ্চে উপস্থিত হওয়ায় জাতীয় দলে ফেরার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
অন্যদিকে, একই দিনে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেছেন সাকিব আল হাসান। তিনি জানান, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরে আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।
সাকিব বলেন, “সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব। আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সব কিছুরই মুখোমুখি হব।”
সাকিবের এই বক্তব্য এবং সরকারের পক্ষ থেকে আসা প্রতিক্রিয়ার পর তার দেশে ফেরা ও জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

