খুলনা ব্যুরো:
খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা বিভাগে নতুন করে ৩৪৯ জন ডেঙ্গু এবং ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এসব তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত পৃথক দুটি স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩১৩ জন এবং বেসরকারি ক্লিনিকে ৩৬ জন চিকিৎসা নিতে ভর্তি হন।
নতুন আক্রান্তদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৯৯ জন এবং বাগেরহাটে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে খুলনা জেলায় ৩৮৯ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৮ জন ভর্তি রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৯৩ জন।
এদিকে খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাবও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৮৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে খুলনায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
ল্যাবরেটরি পরীক্ষায় এ পর্যন্ত ৩৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, সন্দেহজনক হামের রোগীদের মধ্যে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে।

