খুলনা প্রতিনিধি:
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ, খুলনা আবাহনী ক্রীড়া চক্রের আজীবন সদস্য, সাবেক কৃতী ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুস্তাফিজুর রহমান বাবলুর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মনা, খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, খুলনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. মোস্তফা আলম এবং সদস্য শেখ সাইফুদ্দিন আহমেদ হিমু।
এ ছাড়া খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ আসিফ হোসেন রিংকু ও মো. জুলফিকার আলী খান; সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম; অতিরিক্ত সাধারণ সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ; যুগ্ম সম্পাদক কে এম আশরাফুল আলম ও আলহাজ মো. বেলাল হোসেন; কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুলসহ কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম মুস্তাফিজুর রহমান বাবলুর পরিবারের সদস্যরা ছাড়াও খুলনা জেলার বিভিন্ন ক্রীড়া একাডেমির প্রশিক্ষক ও খেলোয়াড়রা অংশ নেন।
অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
মুস্তাফিজুর রহমান বাবলু খুলনার ক্রীড়াঙ্গনে ফুটবলার, সংগঠক ও ক্রীড়া প্রশাসক হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে খুলনার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

