পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা দিনব্যাপী প্রায় দুই হাজার রোগীর চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেন। এর মধ্যে ৫০০ রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করার কথা জানানো হয়। অন্য রোগীদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র, ওষুধ ও চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, সুবিধাবঞ্চিত ও দুর্গম এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চোখ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এলাকার প্রতিটি মানুষ যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে তিনি ও দলের নেতাকর্মীরা কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এরই মধ্যে হাসপাতাল উন্নয়নে থোক বরাদ্দ, কলেজ সরকারিকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নেও বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
জামায়াতে ইসলামীকে নিয়ে বক্তব্যে বাপ্পী অভিযোগ করেন, দলটি বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করছে। তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বরাদ্দ করা অর্থ আত্মীয়-স্বজন এবং ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীদের দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে জামায়াতের বক্তব্য পাওয়া যায়নি।
ক্যাম্পে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এস এম এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ২ নম্বর সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মণ্ডল এবং পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতাল ও মো. আরাফাত হোসেনের সহযোগিতায় ক্যাম্পে বাছাই করা রোগীদের বিদেশি লেন্স ব্যবহার করে ছানি অপারেশন করা হবে। অপারেশনের পাশাপাশি এক মাসের ওষুধ, চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে করা হবে।
চিকিৎসা ক্যাম্প শেষে সোলাদানা ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এস এম মনিরুল হাসান বাপ্পী। এসব সভায় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন। শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবন নির্মাণের আশ্বাস দেন তিনি।
বাপ্পী বলেন, পাইকগাছার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়নের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন দাবি-দাওয়া পূরণ করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

