খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীর টুটপাড়া এলাকায় প্রকাশ্যে এক কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যানকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম গাজী জাদুল ইসলাম ইমন (৩৫)। তিনি টুটপাড়া এলাকার কামালের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সেন্ট্রাল রোড এলাকায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি ইমনের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং বাম পায়ে গুলি করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর স্বজনেরা জানান, ইমন দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। সোমবার তিনি টুটপাড়া এলাকায় এলে হামলার শিকার হন। তবে হামলার কারণ বা এতে কারা জড়িত, সে বিষয়ে তাঁরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
ঘটনার পর টুটপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যস্ত এলাকায় দিনের বেলায় এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত যুবকের চিকিৎসা চলছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
ওসি আরও বলেন, পূর্ববিরোধ, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণে হামলার ঘটনা ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

