রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

ভেটেরিনারি পেশাগত অধিকার রক্ষায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনা প্রতিনিধি:

ভেটেরিনারি শিক্ষার্থীদের পেশাগত অধিকার ও কর্মক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে পদ সৃষ্টির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি চিঠিতে উল্লেখিত সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ভেটেরিনারি অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেসের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা ভেটেরিনারি চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রিধারী এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের পেশাগত দায়িত্ব ও পদায়নের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।

শিক্ষার্থীদের দাবি, ভেটেরিনারি পেশার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশাগত যোগ্যতা ও স্বীকৃতিকে অগ্রাধিকার দিতে হবে। এ সময় তাদের হাতে থাকা ব্যানারে ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি শিক্ষার্থীদের পেশার পেশাগত স্বকীয়তা ও অধিকার রক্ষায় ৩ দফা দাবি’ উল্লেখ ছিল।

মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদে শুধু নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করা; ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতির মাধ্যমে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ না রাখা এবং প্রতিটি উপজেলায় চারজন করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃষ্টি করে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগের কার্যকর ব্যবস্থা করা।

অর্থ মন্ত্রণালয়ের চিঠি ঘিরে আপত্তি

মানববন্ধনে শিক্ষার্থীরা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৪ থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা একটি চিঠির বিষয়বস্তু তুলে ধরেন। প্রদর্শিত নথিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ‘লাইভস্টক এক্সটেনশন অফিসার’ পদ সৃষ্টির বিষয়ে অর্থ বিভাগের সম্মতির কথা উল্লেখ রয়েছে।

নথিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ববর্তী চিঠির সূত্র উল্লেখ করে উপজেলা প্রাণিসম্পদ অফিসে ক্যাডার পদ নির্ধারণ এবং সংশ্লিষ্ট দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৯ম গ্রেডের ক্যাডার পদ বিদ্যমান থাকার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য, সংশ্লিষ্ট পদ সৃষ্টির বিষয়ে অর্থ বিভাগের সম্মতির বিষয়টি ভেটেরিনারি পেশার পদ কাঠামো ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এ কারণে তারা ভেটেরিনারি পেশার সঙ্গে সংশ্লিষ্ট পদগুলোতে যোগ্যতা ও পেশাগত স্বকীয়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী আসিফ হোসেন বলেন, ভেটেরিনারি চিকিৎসা ও জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের পেশাগত দক্ষতা, নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতাকে যথাযথভাবে বিবেচনায় নিতে হবে।

আরেক শিক্ষার্থী ইশতিয়াক কামাল বলেন, ভেটেরিনারি পেশার নির্দিষ্ট দায়িত্ব ও পদগুলোতে পেশাগত স্বকীয়তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভেটেরিনারি শিক্ষার্থীদের পেশাগত অধিকার ও ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে পদ সৃষ্টি, নিয়োগ ও পদায়নের কাঠামো পুনর্বিবেচনার দাবি জানান তারা। পরে বিশ্ববিদ্যালয় চত্বরে র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581