খুলনা প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হল রোড এলাকায় একটি মেসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখা। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক সরদার আবু তাহের এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজমুল হোসেনের মৃত্যুর ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সন্তানহারা পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে। একই সঙ্গে এটি আইনের শাসন প্রতিষ্ঠার জন্যও জরুরি।
তারা বলেন, কোনো শিক্ষার্থীকে বিচারবহির্ভূতভাবে হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের তৎপরতা এবং মাঠপর্যায়ে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এতে অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠার সুযোগ পাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে, তা নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তদন্তের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

