নড়াইল প্রতিনিধি:
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চড়কান্দিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রাসেল শেখ, হাসান, মতি মল্লিক, সেলিম শেখ, রাজিব গাজী, কালন শেখ ও ইস্রাফিল সিকদারের নাম জানা গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কলাবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা ও আবেদ শেখের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি ও দেশীয় অস্ত্রের ব্যবহার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার বিষয়ে দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছে। আবেদ আলী পক্ষের শামিম শেখের অভিযোগ, সকালে কোনো কিছু বুঝে ওঠার আগেই সোহেল মেম্বারের নেতৃত্বে প্রায় দেড় থেকে দুইশ সশস্ত্র লোক তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা নির্বিচারে গুলি ছোড়ে। এতে তাঁদের পক্ষের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে সোহেল মেম্বার বলেন, তাঁর লোকজন সকালে বাজারে অবস্থান করছিলেন। কোনো ধরনের উসকানি ছাড়াই আবেদ পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

