বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সৈকত (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার শ্রীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত বাগেরহাট সদর উপজেলার জয়গাছি-রঘুনাতপুর গ্রামের বাসিন্দা এবং মো. শহিদুল ইসলামের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, সৈকত মোটরসাইকেলে করে খুলনার দিকে যাচ্ছিলেন। বিকেলে শ্রীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সৈকতকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার পর অল্প সময়ের মধ্যেই আহত সৈকতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। বর্তমানে বাগেরহাট-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

