রাজনীতি ডেস্ক:
ভারত থেকে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তাঁর দাবি, পতিত ফ্যাসিস্ট চক্র দেশের বাইরে থেকে ষড়যন্ত্রের জাল বুনছে এবং দেশের ভেতরের একটি অংশ এতে সহায়তা করছে।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম জিলানী।
রিজভী বলেন, ‘পতিত ফ্যাসিস্ট চক্র ভারত থেকে ষড়যন্ত্রের জাল বুনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের ভেতরের গুপ্ত-সুপ্তরা সেখানে বাতাস দিচ্ছে।’ তবে জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করে সত্য ও ন্যায়ের পক্ষে জেগে আছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ অতীতেও বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহত করেছে। এ দেশের মানুষ মিথ্যার জাল ছিন্ন করে সত্যকে প্রতিষ্ঠিত করেছে। মিথ্যা প্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
দেশে সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, রাজপথ কোনো দলের কাছে বিক্রি বা কারও কেনা নয়। এটি দেশের মেহনতি মানুষের। বিএনপি অন্যায়, অবিচার, অত্যাচার এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তাঁর ভাষ্য, বিএনপির রাজনৈতিক ভিত্তি জনগণ।
মধ্য বাড্ডা, কাফরুল, উত্তরা, মিরপুর ও শাহবাগে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি ও গ্যাসের সংকট চলছে। বিভিন্ন দেশে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে। তাঁর দাবি, কিউবায় ১০ থেকে ১৫ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ নেই এবং মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে চাপ তৈরি হয়েছে।
রিজভী বলেন, এসব বাস্তবতা বিবেচনায় না নিয়ে বিরোধী দলের কিছু নেতা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৫ সদস্যের একটি সংক্ষিপ্ত ও সাশ্রয়ী বহর নিয়ে অধিবেশনে যোগ দিয়ে সরকারি অর্থ সাশ্রয় করেছেন। এর বিপরীতে আগের সরকারের সময়ে সাবেক প্রধানমন্ত্রী ১৫০ থেকে ২০০ জনের বহর নিয়ে বিদেশ সফর করতেন বলে দাবি করেন তিনি।
বর্তমান সরকার দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

