খুলনা প্রতিনিধি:
শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
তিনি বলেছেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মানসম্মত শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও সৃজনশীল জ্ঞান অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) খুলনার তেরখাদা উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, শিক্ষাজীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত হতে হবে। আগামী দিনের বিশ্বে শুধু সনদ নয়, দক্ষতা ও যোগ্যতাই গুরুত্বপূর্ণ সম্পদ।
তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন। মানসম্মত শিক্ষা ছাড়া বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
বিএনপি সরকারের শিক্ষা ভাবনা তুলে ধরে তিনি বলেন, শিক্ষাকে আরও কার্যকর, সময়োপযোগী ও মানসম্মত করতে হবে। শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়; এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা নিজেদের যোগ্যতার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে এমপি হেলাল বলেন, কলেজজীবন ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ সময়। তাই সময়ের অপচয় না করে নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সম্মান, ভালো বই পড়া এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার শেখার প্রতি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে।
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষিত নারী শুধু নিজের ভবিষ্যৎ নয়, পরিবার ও সমাজের ভবিষ্যৎও পরিবর্তন করতে পারেন। মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ বা প্রশাসনিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, দক্ষ শিক্ষক, প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীল পরিবেশ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে তেরখাদার নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে ভূমিকা রেখে আসছে। কলেজটির জাতীয়করণ ও ডিগ্রি পর্যায়ে এমপিওভুক্তির যৌক্তিকতা গ্রহণ এ অঞ্চলের নারী শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
কলেজটির জাতীয়করণ ও ডিগ্রি পর্যায়ে এমপিওভুক্তির যৌক্তিকতা গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও এমপি আজিজুল বারী হেলালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলেজ পরিবার, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং তেরখাদাবাসীর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও চিত্রা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি কে এম আলী নেওয়াজ। সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) ডা. এস এম সাজ্জাদ, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, শিক্ষক জেড এম শামীম আহমেদ, জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী, সদস্যসচিব শামীম আহমেদ রমিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রাজু চৌধুরী ও সদস্যসচিব সাবু মোল্লাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে পড়াশোনার পাশাপাশি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

