আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সশস্ত্র সংঘাত বন্ধ এবং আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য সাত দিনের একটি রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। মার্কিন প্রশাসনের কাছে এ প্রস্তাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক ও গবেষকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
আব্বাস আরাগচি বলেন, গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছিল, সেটি বাস্তবায়নের লক্ষ্যেই সাত দিনের এই পরিকল্পনা দেওয়া হয়েছে। প্রস্তাবটি গ্রহণ করা হলে এক সপ্তাহের মধ্যে দুই দেশের মধ্যকার সশস্ত্র সংঘাত পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য তেহরান প্রস্তুত রয়েছে। এখন যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় রয়েছে ইরান। ওয়াশিংটন প্রস্তাবে সম্মতি দিলে দ্রুত চুক্তি কার্যকর করে সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব বলে জানান তিনি।

