খুলনা প্রতিনিধি:
ছয় ঘণ্টা পর খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর দাবি মেনে নেওয়ার বিষয়ে সমঝোতা হওয়ায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মিরাজ হোসাইন ও সাধারণ সম্পাদক ডা. এস এম কামরান হোসেন।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, মেডিসিন বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. জহিরুল হককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে তাদের আপত্তি ছিল। এ সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে শনিবার দুপুর ১টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। পরে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়।
আলোচনার পর দাবি মেনে নেওয়ার বিষয়ে সমাধান হওয়ায় কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে সমঝোতার মাধ্যমে ঠিক কী সিদ্ধান্ত হয়েছে, তা স্পষ্ট করেননি ইন্টার্ন চিকিৎসক নেতারা। ডা. জহিরুল হককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়ার আগের আদেশ বাতিল বা পরিবর্তন করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার রাত পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে নতুন কোনো লিখিত অফিস আদেশ জারি হওয়ার তথ্যও পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার খুমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ডা. মো. জহিরুল হককে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী, বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ বি এম সাইফুল আলম আগামী ৩০ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। তাঁর শেষ কর্মদিবসে ডা. জহিরুল হকের দায়িত্ব নেওয়ার কথা ছিল।
ওই আদেশ প্রকাশের পরই ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের দাবি ছিল, ডা. জহিরুল হককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়ার আদেশ বাতিল করে অন্য কাউকে দায়িত্ব দেওয়া।
এদিকে কর্মবিরতির প্রায় ছয় ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। কয়েকজন রোগীর স্বজন জানান, ইন্টার্ন চিকিৎসকদের নিয়মিত না পাওয়ায় চিকিৎসাসেবা পেতে সমস্যায় পড়তে হয়েছে। ডেঙ্গুসহ বিভিন্ন রোগীর চাপের মধ্যে এ পরিস্থিতিতে দুর্ভোগ আরও বেড়ে যায়।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মিরাজ হোসাইন বলেন, ‘দাবি নিয়ে আলোচনা হয়েছে এবং সমাধান হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরেছেন।’

