পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় স্বত্ব-দখলীয় জমি দখল করে মৎস্যঘের করার চেষ্টা এবং চুরি মামলায় পুলিশি হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মজিদ গোলদার (বয়াতী) ও তাঁর শরিকরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পাইকগাছা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মজিদ গোলদার এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পাইকগাছা পৌরসভার শিববাটী মৌজায় তাঁদের প্রায় ৬ দশমিক ৭৬ একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। তবে সর্বশেষ জরিপে ওই জমির কিছু অংশ অন্যদের নামে ভুলভাবে রেকর্ড করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আব্দুল মজিদের অভিযোগ, ভুল রেকর্ডের সুযোগ নিয়ে আমিনুর ইসলাম কাজল, শাহানা সুলতানাসহ কয়েকজন তাঁদের মৎস্যঘের দখলের চেষ্টা করছেন। একই সঙ্গে ঘেরের মাছ ও মালামাল নিয়ে গিয়ে তাঁরা আর্থিক ক্ষতি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে গত ১৬ সেপ্টেম্বর তাঁদের পক্ষের লোকজনের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল রাখার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় কহিনুর বেগম ও আসাদুল ইসলাম গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আব্দুল মজিদ আরও বলেন, জমির রেকর্ড সংশোধনের জন্য খুলনার যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে দেঃ ১০৯/২৩ ও দেঃ ৩৪/২৩ নম্বরে দুটি মামলা বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে জমি ও মৎস্যঘেরের দখল ফিরে পাওয়া, দায়ের করা মামলা প্রত্যাহার এবং শান্তিপূর্ণভাবে জমি ভোগদখলের সুযোগ দেওয়াসহ চার দফা দাবি জানান তিনি।
তবে অভিযোগগুলোর বিষয়ে আমিনুর ইসলাম কাজল, শাহানা সুলতানাসহ সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

