আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, ইহুদিদের সুক্কোট উৎসবের দ্বিতীয় দিনে রোববার ১ হাজার ১৪৩ জন ইসরায়েলি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় তারা ধারাবাহিকভাবে মাগরিবি গেট দিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় কয়েকজন ইহুদি ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার পালন করেন। পাশাপাশি প্রাঙ্গণে উদ্ভিদজাত উৎসর্গ সামগ্রী নেওয়া হয় বলেও জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।
এক বিবৃতিতে গভর্নরেট বলেছে, আল-আকসা মসজিদে এ ধরনের প্রবেশ ও ধর্মীয় আচার পালন পবিত্র স্থানটির ঐতিহাসিক ও আইনগত স্থিতাবস্থা লঙ্ঘনের ধারাবাহিকতার অংশ।
চলতি মাসে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ এবং ধর্মীয় আচার পালনের একাধিক ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ ওই পবিত্র স্থানের ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য’ প্রতিষ্ঠার পথ তৈরি করছে।

