আন্তর্জাতিক ডেস্ক:
বকেয়া পাওনা পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাস্পিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান জব্দ করা হয়েছে। প্রায় ৩০ লাখ ইউরো (প্রায় ৩৪ লাখ মার্কিন ডলার) বকেয়া থাকায় আদালতের নির্দেশে বিমানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিতে যাত্রীরা উঠে পড়ার পর উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। ঠিক সেই সময় আদালতের নির্দেশ নিয়ে কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হয়ে বিমানটির উড্ডয়ন আটকে দেন। পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাটির সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সরাসরি কোনো সম্পর্ক নেই। কাস্পিয়ান এয়ারলাইনস ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছে, প্রশাসনিক কিছু জটিলতার কারণে তাদের একটি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইস্তাম্বুল বিমানবন্দরের বকেয়া সেবামূল্য পরিশোধ নিয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে। দ্রুতই বিমানটি ইরানে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছে এয়ারলাইনসটি।
এর আগে চলতি মাসের শুরুতে ইরানের বিমান খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানি এয়ারলাইনসের সঙ্গে ব্যবসা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করে ওয়াশিংটন।
তবে তুরস্ক এখন পর্যন্ত এসব নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে অনুসরণ করেনি। ফলে তুরস্ক ও ইরানের মধ্যে কিছু বিমান চলাচল এখনও অব্যাহত রয়েছে।
এদিকে, আঙ্কারার অনুরোধে ইরানের বড় পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান মাহান এয়ার গত সপ্তাহে তুরস্কের সঙ্গে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।

