নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালিয়া উপজেলা পরিষদ চত্বরে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কান্তি মল্লিক, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, পূবালী ব্যাংক পিএলসির কালিয়া উপশাখার ব্যবস্থাপক অজিত কুমার সরকার, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক মো. সাজ্জাদ হুসাইনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উদ্বোধনকালে ইউএনও মো. জিন্নাতুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

