আন্তর্জাতিক ডেস্ক:
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং চলমান সংঘাতের অচলাবস্থা কাটাতে ইরানের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মার্কিন প্রস্তাবে কী রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মন্ত্রিসভার বৈঠকে আব্বাস আরাগচি সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি ইউরোপীয় ও উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের দেওয়া বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে যেকোনো অচলাবস্থা আন্তর্জাতিক তেলবাজার ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।

