স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঐতিহাসিক এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘোষিত দলে অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন তিনি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার।
আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে।
অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ ক্রিকেটার। ১৬ সদস্যের দলে রয়েছেন—নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, ফারজানা হক, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম।
সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর (শুক্রবার)। দ্বিতীয় ম্যাচ ১১ অক্টোবর (রোববার) এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১৪ অক্টোবর (বুধবার) মাঠে গড়াবে।

