আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্থানীয় বাজারেও। দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দরে পেট্রোলের দাম সর্বোচ্চ ১৬ দশমিক ৬ শতাংশ এবং ডিজেলের দাম ১১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে দেশজুড়ে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে বুধবার রাতে বৈশ্বিক জ্বালানি বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দর ঘোষণা করে দেশটির রাষ্ট্রীয় জ্বালানি মূল্য কমিটি। খবর গালফ নিউজের।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যবহৃত পেট্রোলের দাম সেপ্টেম্বরের প্রতি লিটার ৩ দশমিক ৬১ দিরহাম থেকে বাড়িয়ে ৪ দশমিক ২১ দিরহাম করা হয়েছে। একইভাবে অকটেনের দাম ৩ দশমিক ৬৯ দিরহাম থেকে বেড়ে হয়েছে ৪ দশমিক ২৮ দিরহাম।
এ ছাড়া ডিজেলের দাম প্রতি লিটার ৪ দশমিক ৩০ দিরহাম থেকে বাড়িয়ে ৪ দশমিক ৮০ দিরহাম নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ মানের সুপার ৯৮ পেট্রোলের দাম ৩ দশমিক ৮০ দিরহাম থেকে বাড়িয়ে ৪ দশমিক ৪০ দিরহাম করা হয়েছে।
জ্বালানি মূল্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর মাসজুড়ে নতুন এই দাম কার্যকর থাকবে।

