খুবি প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য ও পোস্ট করাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সজল (২৪) নামে এক স্থানীয় যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের সামনের গেট ও সংলগ্ন হল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য ও পোস্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে তা উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় যুবক সজলকে আটক করে হরিণটানা থানা হেফাজতে নেওয়া হয়।
ঘটনার পর খানজাহান আলী হলের সামনের গেট ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

