খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রায় ১ হাজার ৪০০ বছর আগে আরবের চরম অন্ধকার ও বৈষম্যমূলক সমাজে ইনসাফ, সাম্য ও মানবতার যে ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও শোষণমুক্ত সমাজ বিনির্মাণের অন্যতম প্রধান পথপ্রদর্শক। বর্তমান বিশ্বে চলমান বৈষম্য, অন্যায় ও সংঘাত নিরসনে মহানবী (সা.)-এর ইনসাফভিত্তিক নীতি ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার সকালে খুলনা নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে পেশাজীবী ফোরাম খুলনা মহানগরের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিম্পোজিয়ামের বিষয় ছিল ‘ইনসাফ সমাজ প্রতিষ্ঠায় রাসুল (সা.)-এর ভূমিকা’।
মহানগর পেশাজীবী ফোরামের সভাপতি অধ্যাপক এএসএম জাফর সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সহকারী সেক্রেটারি সোহেল রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর মসজিদ মিশনের সভাপতি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এএফএম নাজমুস সউদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের মহানগর সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামান, ন্যাশনাল ডক্টরস ফোরামের মহানগর সভাপতি ডা. এহসানুল কবির এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের মহানগর সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন পেশাজীবী ফোরামের মহানগর সাবেক আমির অধ্যাপক জুলফিকার আলী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার আমান উল্লাহ, মো. মনিরুল ইসলাম, কামাল হোসেন, আল আমিন আকাশ ও মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

