খুলনা প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে জনসচেতনতা সৃষ্টি ও ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে খুলনায় মশার কয়েল বিতরণ, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকালে খুলনা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা নির্জন আবাসিক এলাকার ১৮ নম্বর রোড ও আশপাশের বিভিন্ন গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মশার কয়েল বিতরণের পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরিতে নানা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর থানা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এ ছাড়া অগ্রগামী যুব সংস্থার সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড দলনেতা মো. রাহাত হাওলাদার, দলনেত্রী সৈয়দা তাসলিমা আক্তার ও দলনেত্রী কোহিনূর আক্তারসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানে মো. মোশাররফ গাজী, মো. জুয়েল ঢালী, আবু নাঈম মিশু, চম্পা আক্তার ও মৌমিতা আক্তার মৌসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা গ্রহণ যথেষ্ট নয়; পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি। ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, রাস্তা, নালা-নর্দমা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি এবং ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান তারা।
ডেঙ্গু প্রতিরোধে সদর থানা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং অগ্রগামী যুব সংস্থা যৌথভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান আয়োজকেরা।

