রাজনীতি ডেস্ক:
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাকে অবিলম্বে মুক্তি প্রদান এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা ও রিমান্ড আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটি।
শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিমানবন্দরে ৩৪ জন এমপি-সহ যাত্রীরা জমজমের পানি না পাওয়ার ঘটনায় নাগরিক অধিকার রক্ষায় দায়িত্ব পালন করেছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি কোনো অন্যায় করেননি এবং কাউকেই নাজেহাল করেননি। বিমানমন্ত্রী তার বিরুদ্ধে হাত তোলার যে অভিযোগ এনেছেন, তা ভিত্তিহীন।” তিনি আরও দাবি করেন, বিমানবন্দরে কর্মকর্তাদের বরখাস্ত করার মাধ্যমেই কর্তৃপক্ষের অব্যবস্থাপনা প্রমাণিত হয়েছে, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে মেজর আখতারুজ্জামানকে জামায়াতে যোগ দেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে।
সমাবেশে জামায়াতকে নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, “অতীতের আন্দোলন-সংগ্রামে জাতীয় ঐক্যের স্বার্থে জামায়াতকে সঙ্গেই রাখা হয়েছিল। বর্তমান সরকারের বক্তব্য জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কামাল হোসেন এমপি এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।
সমাবেশ শেষে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তরগেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

