পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় গ্রাহকসেবার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বিক্রয় কার্যক্রমে গতিশীলতা আনতে অনুষ্ঠিত হয়েছে রবি সার্কেল মিলনমেলা। এ আয়োজনে মাঠপর্যায়ে বিক্রয় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন সেলসম্যান ও উদ্যোক্তাকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিনব্যাপী পাইকগাছা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। রোথী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রকি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রবি পাইকগাছা টেরিটোরির অফিসার জালিছ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবি আজিয়াটা পিএলসির সিনিয়র রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন। বিশেষ অতিথি ছিলেন খুলনা এরিয়ার এরিয়া ম্যানেজার সোহেল রানা, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক এবং উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক।
এ সময় রোথী এন্টারপ্রাইজের হাউজ সুপারভাইজার দেবপ্রসাদ, ভিপি সুপারভাইজার মিহের মজুমদার, সিনিয়র স্টাফ সুবহান হোসেন, ইমন, আকাশ ও রানা উপস্থিত ছিলেন। এ ছাড়া কয়রা, পাইকগাছা ও তালা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক রবি সেলসম্যান, স্থানীয় ব্যবসায়ী এবং রবি সেলস নেটওয়ার্কের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে রবি সেবার প্রসারে বিশেষ ভূমিকার জন্য সিনিয়র রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন ও পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হককে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি অসামান্য বিক্রয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ ১২ জন সেলসম্যান ও উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, আধুনিক গ্রাহকসেবা ও ডিজিটাল বিক্রয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করতে রবি কর্মকর্তা, সেলসম্যান ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জরুরি। এ ধরনের মিলনমেলা ও স্বীকৃতি মাঠপর্যায়ের কর্মীদের ভবিষ্যৎ কার্যক্রমে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

