স্টাফ রিপোর্টার:
খুলনা অঞ্চলের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে কৃষি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। তিনি বলেছেন, কৃষি একটি সম্ভাবনাময় খাত। সৃজনশীল কৃষি উদ্যোক্তারা মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের মাধ্যমে ভেজালমুক্ত খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। আগামীতে উদ্যোক্তাদের জন্য কৃষিপণ্য একটি বড় খাতে পরিণত হবে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বলেন, অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদান ও কৃত্রিম রং ব্যবহার করেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মানহীন এসব পণ্যের বিক্রি যেকোনো মূল্যে বন্ধ করা প্রয়োজন।
তিনি বলেন, কৃষি উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ, বিপণন সহায়তা ও উপকরণ বিতরণ বাড়াতে হবে। উদ্যোক্তার সংখ্যা বাড়লে দেশের অর্থনীতি ও সামগ্রিক সমৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। সরকার সবসময় উদ্যোক্তাদের পাশে থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসন ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমসহ কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উপকরণ বিতরণ করেন।

