খুলনা প্রতিনিধি:
একটি স্বনির্ভর ও সচেতন জাতি গঠনে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় খুলনা জেলা পরিষদ কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পরিচিতি ও মতবিনিময় সভায় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাংবাদিকদের পেশাগত নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বাপ্পি বলেন, “একটি স্বনির্ভর ও সচেতন জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করতে সাংবাদিকদের আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”
তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক সরদার বাদশা, সদস্য সচিব বাবুল সানা, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন মানিক, নিবাস ঢালী, আসমা ইয়াসমিন পপি, কামরুল ইসলাম, রোকনুজ্জামান, ওয়ালিমা জেরিন খানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

