খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) চালক কামরুল ইসলাম (৪০)। রোববার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে, গত ৮ অক্টোবর কেসিসির গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে আরেক চালক নিহত হন। তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কেসিসির ময়লার কনটেইনারবাহী একটি ট্রাক নিয়ে জয় বাংলা মোড় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন কামরুল ইসলাম। পথে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
কেসিসির যান্ত্রিক শাখার উপসহকারী প্রকৌশলী মো. সেলিমুল আজাদও কামরুল ইসলামের দুর্ঘটনায় আহত হওয়া এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কামরুল ইসলাম নগরীর শিববাড়ি মোড় এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে।
এর আগে, গত ৮ অক্টোবর নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউজ এলাকায় কেসিসির গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নিহত হন। তিনি লবণচরা থানাধীন নিজ খামার এলাকার বাসিন্দা মেসের আহম্মেদের ছেলে।

