রাজনীতি ডেস্ক:
লং মার্চের মাধ্যমে পতিত সরকার ফিরে আসবে—এমন আশঙ্কার কথা বলে সরকার নতুন অজুহাত তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আমাদের জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে সরকার।’
রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাব যশোরের হলরুমে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় যশোর-কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার জানান, গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এর আগে ১১ দলীয় জোটের উদ্যোগে দুটি লং মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে পালন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। লং মার্চের কারণে সাময়িকভাবে যাতায়াত ও চলাচলে ভোগান্তি সৃষ্টি হতে পারে উল্লেখ করে ওই অঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে আগাম দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা।
কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি জানান, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকা থেকে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করা হবে। প্রায় ১২ ঘণ্টার এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর ও গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

